শিশুর শরীরে বিষাক্ত ইঞ্জেকশন, অভিযুক্ত নারী রিমাণ্ডে

লক্ষীপুর সদরে দেড় বছর বয়সী শিশু হাবিবুর রহমানের শরীরে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে হত্যাচেষ্টার মামলায় অভিযুক্ত খুকি বেগমকে একদিনের রিমান্ডে নেয়া হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলি অঞ্চল সদরের বিচারক মোহাম্মদ আবদুল কাদের এ আদেশ দেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী রাসেল মাহমুদ মান্না জানান, সদর থানার এসআই কামরুজ্জামান আসামি খুকির পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। আদালতের বিচারক আবেদনটি আমলে নিয়ে এক দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির দাদা লাতু মিয়া গত ২৮ মে সন্ধ্যায় বাদী হয়ে এই ঘটনায় একটি মামলা করেন। এতে আবুল কাশেমের স্ত্রী খুকি বেগমকে একমাত্র আসামী করা হয়। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার চর পার্বতীনগর গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

উল্লেখ্য, শিশু হাবিব একই গ্রামের মো. নূর নবীর ছেলে। অভিযোগ রয়েছে, গত ১১ মে বিকালে কৌশলে শিশুটিকে ঘরে নিয়ে খুকি তিনটি বিষাক্ত ইনজেকশন পুশ করেন। পরে চিৎকার শুনে মা শামছুননাহার শিশুটিকে খুকির ঘর থেকে উদ্ধার করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর