তল্লাশির নামে পথচারীর টাকা লুটের অভিযোগে ৪ পুলিশ ক্লোজড

বগুড়ার সাড়িয়াকান্দি উপজেলায় নিরাপত্তার অযুহাত দেখিয়ে দেহ তল্লাশীর নামে পথচারীর টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে পুলিশের ২ কর্মকর্তাসহ ৪ জনকে ক্লোজড করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকালে উপজেলার গণসারপাড়া এলাকায় এই তলাশীর নামে টাকা মেরে দেয়ার ঘটনাটি ঘটে। অভিযোগের সত্যতা পাওয়ায় পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা মঙ্গলবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করেছেন।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন- সারিয়াকান্দি থানার এসআই জাহাঙ্গীর আলম, এএসআই আমিরুল ইসলাম, কনস্টেবল খোকন চন্দ্র ও কনস্টেবল জাহিদুল ইসলাম।

জানা যায়, সারিয়াকান্দি উপজেলার গণসারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. চৈতা (২৫) সোমবার বিকাল ৩টার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ওই ৪ পুলিশ সদস্য আটকে তল্লাশী শুরু করে। অস্বাভাবিক কিছু না পেয়ে তার সাথে থাকা ৬ হাজার টাকা পুলিশের ওই সদস্যরা নিয়ে যান। বিষয়টি প্রকাশ না করতে তাকে ভয় দেখানো হয়েছিল। এরপরও চৈতা সাহস করে সারিয়াকান্দি থানার ওসির কাছে নালিশ করেন।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন জানান, প্রাথমিকভাবে দুই কর্মকর্তা ও দুই কনস্টেবলের বিরুদ্ধে এক পথচারীর শরীর তল্লাশির নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এর প্রেক্ষিতে পুলিশ সুপার মঙ্গলবার তাদের পুলিশ লাইন্সে ক্লোজড করেছেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর