ফরিদপুর সদরে গণপিটুনিতে প্রাণ হারিয়েছে দুই ছিনতাইকারী। আজ (মঙ্গলবার) দুপুরে জেলা সদরের ঈশান গোপালপুর ইউনিয়নের কাচারির ট্যাক নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত একটি অটোরিকশা ভাড়া করে যাত্রীর বেশে ৪ ছিনতাইকারী ফরিদপুর শহর থেকে ঈশান গোপালপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় যাচ্ছিলেন। তাদের নিয়ে অটোরিকশাটি কাচারির ট্যাক এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা চালককে গলার পিছনের দিকে ছুরি মেরে গাড়ি থেকে ফেলে সেটা চালিয়ে নিয়ে যেতে থাকে।
পরে অটোচালক ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর মহল্লার বাসিন্দা কাওসার মন্ডল (২০) চিৎকার দিলে এলাকাবাসী এগিয়ে এসে অটোরিকশাসহ তিন ছিনতাইকারীকে ধরে ফেলে। তবে, এক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। ওই তিন ছিনতাইকারীকে গণপিটুনি দেয় এলাকাবাসী।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জখম হওয়া অটোরিকশা চালক ও জনতার পিটুনিতে আহত তিন ছিনতাইকারীকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত দুই ছিনতাইকারী ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা হিরণ (৩৫) ও আকাশকে (৩৮) মৃত বলে ঘোষণা করেন। অপর ছিনতাইকারী খোকন খন্দকার (৩৬) পুলিশের প্রহরায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বার্তাবাজার/এসজে