সরকারি সহায়তা আত্মসাতের অভিযোগে মহিলা মেম্বারসহ বরখাস্ত ২

চলমান করোনায় প্রধানমন্ত্রীর দেয়া নগত অর্থ সহায়তা ও ত্রাণ বিতরণে অনিয়মের ফলে আরও দুই ইউনিয়ন পরিষদ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) স্থানীয় সরকার বিভাগ কর্তৃক প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই আদের দেয়া হয়।

নতুন বরখাস্তের আদেশ পাওয়া সদস্যরা হলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য জামাল হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউপির ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের সদস্য পূর্ণিমা রানী বণিক।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার লাউরফতেহপুর ইউপি’র মহিলা সদস্য পূর্ণিমা রানী বণিকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী প্রদত্ত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নগদ অর্থ সহায়তা কর্মসূচির তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

অপরদিকে, খাগড়াছড়ি জেলার তাইন্দং ইউপির সদস্য জামাল হোসেনের বিরুদ্ধে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ স্থানীয় তদন্তে প্রমাণিত হয়েছে।

চলমান করনাকালে এ পর্যন্ত মোট ৮৯ জনপ্রতিনিধিকে সাময়িকভাবে বরখাস্ত করা হল। এদের মধ্যে ২৯ জন ইউপি চেয়ারম্যান, ৫৪ জন ইউপি সদস্য, ১ জন জেলা পরিষদ সদস্য, ৪ জন পৌর কাউন্সিলর এবং ১ জন উপজেলা ভাইস-চেয়ারম্যান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর