করোনায় যুক্তরাষ্ট্রে ২ মাসে সর্বনিম্ন মৃত্যু

যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৫০ জনের মৃত্যু হয়েছে। প্রতিদিনের হিসাবে বিগত প্রায় দুই মাসের মধ্যে দেশটিতে মৃতের এ সংখ্যা সর্বনিম্ন।

সোমবার (০৮ জুন) জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বাল্টিমোর ভিত্তিক ওই প্রতিষ্ঠানের পরিসংখ্যান অনুযায়ী, এ নিয়ে দেশটিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১০ হাজার ৯৩২ জনে দাঁড়ালো। সেইসঙ্গে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। ফলে দেশটিতে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। তবে ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃত্যু হার কম।

গত মার্চ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে প্রাত্যহিক মৃতের সংখ্যা প্রথমবারের মতো ৫শ’ ছাড়াতে দেখা যায়। মধ্য এপ্রিলে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে একদিনে মৃতের সংখ্য ৩ হাজার ছাড়িয়ে যায়।

গত দুই সপ্তাহ ধরে করোনাভাইরাসে প্রতিদিনের হিসাবে মৃতের সংখ্যা হ্রাস পেয়ে কয়েকদিন ১ হাজারের নিচে নেমে আসতে দেখা যায়। তবে করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধির প্রবণতা প্রায় একই রকম রয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর