ঢাকার সাভারের আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবন ধ্বসে গেলে অন্তত ৭ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ জুন) সকাল ৬ টার দিকে আশুলিয়ার কাঠগড়া উত্তরপাড়া এলাকায় জনৈক ইমনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এব্যাপারে, ডিইপিজেড ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত পরিদর্শক মো: জিহাদ মিয়ার বরাত দিয়ে জানা যায়, মঙ্গলবার ভোরে কাঠগড়া উত্তরপাড়া এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের একাংশ ধ্বসে পড়ে। এসময় অগ্নিকান্ডের ঘটনাও ঘটে। খবর পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেউ মারা না গেলেও ৭ জন আহত হয়েছেন। দ্বিতল ভবনের একাংশ ধ্বসে পড়ায় আনুমানিক ৮ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহত ৭ জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এমকে