সিলেটে পুলিশ-চিকিৎসকসহ আরও ৬০ জনের করোনা শনাক্ত

রেড জোন হিসেবে চিহ্নিত সিলেটে নতুন করে চিকিৎসক-পুলিশ-ইউপি চেয়ারম্যানসহ আরও ৬০ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় এনিয়ে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৯৪০ জনে। আর সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৩১ জনে।

সোমবার (৮ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়। এতথ্য নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

সোমবার আক্রান্তদের মধ্যে সিলেটের কানাইঘাট উপজেলায় রেকর্ড সংখ্যক ৩৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। সিলেট মহানগর ও সদরে ১২ জন, ফেঞ্চুগঞ্জে তিনজন, বালাগঞ্জে একজন, বিশ্বনাথে একজন, গোলাপগঞ্জে চারজন, গোয়াইনঘাটে একজন, জকিগঞ্জে একজন, সদর উপজেলায় ১২ জন এবং বিয়ানীবাজারের একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি সুনামগঞ্জের ছাতকের একজন ও মৌলভীবাজারের কানাপুর গ্রামের একজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।

এ বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫ জনের। এর মধ্যে সিলেট জেলায় ২৬, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ২ ও মৌলভীবাজারে ৪ জন। তবে সিলেট বিভাগের ৩৭৮ জন রোগী করোনামুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে সিলেট জেলায় ১১৫ জন, সুনামগঞ্জে ৮১ জন, হবিগঞ্জে ১২৯ জন এবং মৌলভীবাজারে ৬২ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর