সংসদ সচিবালয়ের ৪৩ জন করোনায় আক্রান্ত

সংসদ সচিবালয়ের ৪৩ জন কর্মকর্তা-কর্মচারী ও ৮২ জন আনসারের দেহে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আসন্ন বাজেট অধিবেশন উপলক্ষে সংসদের কর্মকর্তাদের করোনাভাইরাস পরীক্ষায় ৪৩ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। তাদের অধিকাংশের শরীরেই তেমন কোনও উপসর্গ নেই।

করোনা পজিটিভ কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই ভিআইপি দফতরে অবাধে যাতায়াত করেন। আর অধিবেশন চলাকালীন এদের অনেকের সংসদ কক্ষে দায়িত্ব পালনের কথা ছিল।

জানা গেছে, আগামী বুধবার শুরু হচ্ছে ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন। পরদিন বাজেট উত্থাপন হবে, পাস হবে ৩০ জুন। করোনাভাইরাস মহামারীর এই সময়ে সংসদ অধিবেশন শুরুর আগে এসএসএফের সুপারিশে সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়।

বাজেট অধিবেশন উপলক্ষে সংসদে দায়িত্বরত প্রায় ৪৫০ কর্মকর্তা-কর্মচারীর নমুনা পরীক্ষা ২ জুন থেকে শুরু হয়েছিল। সোমবার তা শেষ হয়েছে।

সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব জাফর আহমেদ গণমাধ্যমকে বলেন, “ধাপে ধাপে কয়েক দফায় পরীক্ষা করা হয়েছে। যাদের পরীক্ষায় ফলাফল পজিটিভ এসেছে, তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। সংসদের মেডিকেল সেন্টারের চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন।”

বার্তাবাজার/পি.এইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর