তালায় গৃহবধূর করোনা শনাক্ত, ৫ বাড়ি লকডাউন

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নের আরেক গৃহবধূর করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ঐ গৃহবধু কাটাখালী গ্রামের বাসিন্দা। সোমবার তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব সরদার এ তথ্য নিশ্চিত করেন।

খলিষখালী ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, ওই গৃহবধূ গত ৩ জুন সামান্য জ্বর সর্দি কাশি নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য যান। এ সময় কর্তব্যরত ডাক্তার অনিমেশ করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহের পরামর্শ দেওয়ায় তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়ে আসেন। পরবর্তীতে সোমবার তার নমুনা ফলাফল করোনা পজেটিভ আসে। এ সময় পুলিশ তার স্বামীর বাড়িসহ আশপাশের ৫টি বাড়ি লকডাউন করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ জানান, আক্রান্ত ওই গৃহবধূর বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। সকল ধরনের সহায়তার জন্য পুলিশ সবসবময় তাদের পাশে আছে জানিয়ে তিনি সকলকে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ দেন।

এদিকে এ নিয়ে তালা উপজেলায় ২ জন নারীসহ মোট ৪ জন করোনা পজেটিভ রোগি শনাক্ত হলেও একজন ইতিমধ্যে সুস্থ হয়ে গেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর