আ’লীগ নেতাসহ গ্রেফতার ৯: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক ও চাল জব্দ (ভিডিওসহ)

ফরিদপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই আওয়ামী লীগ নেতা ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেলসহ নয় জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, মাদক ও নগদ টাকাসহ বিপুল পরিমাণ চাল জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।

আজ সোমবার দুপুরে ফরিদপুরের পুলিশ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আলিমুজ্জামান (পিপিএম সেবা) সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি জানান, গত ১৬ মে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে ভাংচুর, অগ্নিসংযোগ ও মারপিটের ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে শহরের বদরপুর মোড় থেকে প্রথমে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল ও রেজাউল করীম বিপুলকে গ্রেফতার করা হয়।

পরে রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ নেত্রী ইয়াসমিন সুলতানা বন্যা মন্ডল, ছাত্রলীগ নেতা এনামুল ইসলাম জনি, অমিয় সরকার, বর্ধিত ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নারায়ণ চক্রবর্তী, সাবেক ৬ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মাহফুজুর রহমান মামুন ও জাহিদ খানকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রথম ৩ জনের কাছ থেকে পাঁচটি পিস্তল ও ৯১ রাউন্ড গুলি, দুইটি শর্টগান ও ১৮০টি কার্তুজ, ছয় বোতল বিদেশী মদ, ৬৫ পিস ইয়াবা, খাদ্য অধিদপ্তরের ১২শ’ বস্তায় ৬০ হাজার কেজি চাল, ৩ হাজার ইউএস ডলার, ৯৮ হাজার ভারতীয় রুপি ও বাংলাদেশী ২৯ লাখ টাকা ও পাঁচটি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

ছবি : বার্তা বাজার

পুলিশ সুপার জানান, আজই আটককৃতদের আদালতে হাজির করে অধিকতর তদন্তের জন্য বিজ্ঞ বিচারকের কাছে রিমান্ড আবেদন করা হবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক প্রথম ৩ জনকে ১০ দিন করে এবং বাকী ৬ জনকে ৭ দিন করে রিমান্ড আবেদন করবে পুলিশ।

শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৯

শহর আওয়ামী লীগ সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৯: বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, মাদক, নগদ টাকা, চাল জব্দ

Gepostet von Barta Bazar am Montag, 8. Juni 2020

আটক বরকত ও রুবেল সম্পর্কে আপন দুই ভাই। তাদের গ্রেফতারের খবরে জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাজ্জাদ হোসেন বরকত ফরিদপুর জেলা বাস মালিক গ্রুপের সভাপতি। আর তার ভাই ইমতিয়াজ হাসান রুবেল ফরিদপুর থেকে প্রকাশিত দৈনিক ভোরের প্রত্যাশা নামক পত্রিকার সম্পাদক এবং ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি। বরকত ওই পত্রিকার প্রকাশক।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, বরকত, রুবেলের কোমড় থেকে গুলিভর্তি ম্যাগজিনসহ সেভেন পয়েন্ট সিক্স ফাইভ বোরের পিস্তল জব্দ করা হয়। এছাড়া বরকতের রেস্ট হাউস থেকে বিদেশী মদ ও খাদ্য অধিদপ্তরের ১২শ’ বস্তাভর্তি চাল এবং রুবেলের ড্রয়ার হতে ৬৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের দেয়া তথ্য মতে অন্যান্যদের গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র, মাদক ও সরকারী চাল গুদামজাত করার অপরাধে নিয়মিত মামলা হবে। তাদের বিরুদ্ধে টেন্ডারবাজি, ভূমি দখল, চাঁদাবাজিসহ আরও বেশ কিছু অভিযোগ রয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর