ডা. জাফরুল্লাহর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ হয়েছে। বর্তমানে তাকে অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। তবে তার শারীরিক অবস্থা টানা চার দিন ধরে স্থিতিশীল রয়েছে।

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ সোমবার (৮ জুন) বিকেলে এসব তথ্য জানান। তিনি আরও জানান, দুপুর দেড়টার দিকে চিকিৎসকরা ডা. জাফরুল্লাহকে দেখে আসার পর তাদেরকে এসব তথ্য জানিয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের এই কর্মকর্তা বলেন, ‘চিকিৎসকরা রাউন্ড দিয়ে এসে আমাদেরকে জানিয়েছেন, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ হয়েছে। এ জন্য অক্সিজেন ও অ্যান্টিবায়োটিক দেয়া হচ্ছে। এই অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন বেশ কয়েক দিন ধরেই চলছে।’

ডা. জাফরুল্লাহর চিকিৎসক ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি জানান, তিনি নিজ থেকে খাবার খেতে পারছেন। রক্তচাপ ও অন্যান্য ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল।

জানা গেছে, করোনা শনাক্ত হওয়ার পর গত বৃহস্পতিবার (৪ জুন) রাত থেকে রাতে ডা. জাফরুল্লাহর শ্বাসকষ্ট আরও বেড়ে যায়।

করোনা শনাক্ত হওয়ার পর গত বৃহস্পতিবার (৪ জুন) রাতে ডা. জাফরুল্লাহর শ্বাসকষ্ট বেড়ে যায়। সেদিন রাতেই তাকে অক্সিজেন ও লেবুনাইজার দিয়ে রাখা হয়। তারপর দিন শুক্রবার (৫ জুন) সকালের দিকে তিনি কিছুটা ভালোবোধ করেন, তখন তার শ্বাসকষ্ট কম হচ্ছিল। এরপর দুপুর ১টার দিকে তার শ্বাসকষ্ট আবার বেড়ে যায়। তখন তাকে আবারও অক্সিজেন দিয়ে রাখা হয়। কয়েক ঘণ্টা পর তার শ্বাসকষ্ট আবার কমে। তবে তীব্র না থাকলেও শ্বাসকষ্ট থাকায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে তারপর থেকে। সোমবার সকাল পর্যন্ত তার শারীরিক অবস্থার ওই রকমই রয়েছে। অন্যদিকে আগে সপ্তাহে ৩ দিন ডা. ডায়ালাইসিস করা হলেও এখন প্রতিদিন ডায়ালাইসিস করা হচ্ছে।

উল্লেখ্য, গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। গণমাধ্যমকে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করে জানিয়েছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর