ফরিদপুরের আলফাডাঙ্গায় সাতসকালে অভিনব কায়দায় এক ব্যবসায়ীর আড়াই লাখ টাকা চুরির খবর পাওয়া গেছে। এ ঘটনায় ওই ব্যবসায়ী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
সোমবার (৮জুন) সকাল সাড়ে ৬টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারের কলেজ রোডস্থ মন্দিরের পার্শ্বে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যবসায়ীর নাম ইকরামুল ইসলাম বাবলু। তিনি আলফাডাঙ্গা সদর বাজারে বিভিন্ন দৈনিক পত্রিকার এজেন্ট ও বিকাশ এজেন্টের ব্যবসা করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বাবলু প্রতিদিনের ন্যায় সকালে বাড়ি থেকে একটি বাইসাইকেলযোগে দোকানে আসেন। ঘটনার দিন বাড়ি থেকে আসার সময় বিকাশের নগদ লেনদেন করার জন্য বিভিন্ন নোটের ২,৫০,০০০ টাকা বাইসাইকেলের সামনে একটি হলুদ রংয়ের ব্যাগে করে ঝুঁলিয়ে আনেন। দোকানে এসে এক সাটারের সাথে বাইসাইকেল রেখে নিচু হয়ে অপর সাটারের তালা খুলতে মনোনিবেশ হন তিনি। কিন্তু শাটারের তালার ভীতরে কে বা কাহারা আঠালো জাতীয় কিছু একটা দিয়ে তালা নষ্ট করে রেখেছিল। ফলে তালা খুলতে না পেয়ে বাইসাইকেলের নিকট গিয়ে দেখে টাকা ভর্তি ওই ব্যাগটি নেই।
ধারণা করা হচ্ছে, চোর চুরির ঘটনা ঘটাতে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে ছিল। যে কারণে পূর্ব থেকে সাটারের তালাটি নষ্ট করে রেখেছিল। যাতে তালা খুলতে সময় লাগে। আর তালা খুলতে বিলম্ব হওয়ায় এই সুযোগে পাশ থেকে চোর সুকৌশলে টাকার ব্যাগ নিয়ে সটকে পড়েন।
এ বিষয়ে ইকরামুল হক বাবলু জানান, ‘টাকা চুরি হওয়ার পর পৌরসভা কার্যালয়ে গিয়ে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখি। এতে দেখা যায়, ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে অনুমান ৪০ বছরের একটি লোক কয়েকবার আমার আশপাশ দিয়ে মহড়া দিয়েছে। আমার ধারণা ওই মোটরসাইকেল আরোহী আমার টাকাগুলো চুরি করেছে।’
জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
বার্তা বাজার/সি.কে