পুলিশের সহায়তায় বাবা-মা কে ফিরে পেল হারিয়ে যাওয়া সানি

পঞ্চগড়ে উদ্ধার হওয়া সেই শিশুটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছে পুলিশ। মো. সানি নামে ৮ বছরের ওই শিশুকে রবিবার সন্ধায় তার মায়ের কাছে তুলে দেন পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী।

পুলিশ জানায়, গত ৫ জুন পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজার থেকে সানি নামের ওই উদ্ধার করে পুলিশ। সে ওই দিন ঢাকা থেকে ট্রেনে করে পঞ্চগড় আসে। সেখান থেকে ইজিবাইকে করে তেঁতুলিয়ার দিকে রওনা হয়। কিন্তু ঠিকানা ভালভাবে বলতে না পাড়ায় ইজিবাইকচালক শিশুটিকে নিয়ে ভজনপুর পৌঁছে তেঁতুলিয়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। থানায় জিজ্ঞাসাবাদে শিশুটি জানায় ‘তার নাম সানি। বাবার নাম জাহাঙ্গীর আলম, মায়ের নাম সাথী আক্তার। বাবা জাহাঙ্গীর লেগুনা চালক।’ এইটুকু বলতে পারে শিশুটি। কিন্তু ঠিকানা কোন মতেই বলতে পারছিল না সানি। পরে জেলা পুলিশ শিশুটির ছবিসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালায়। এমনকি পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী নিজে বিভিন্নভাবে যোগাযোগ করে পরদিনই শিশুটির বাবা মায়ের খোঁজ পান।

শিশুটির বাড়ি ঢাকার যাত্রাবাড়ি এলাকায়। পরে তার পরিবারের সাথে মোবাইল ফোনে কথা বলিয়ে তা নিশ্চিত করা হয়। এমনকি ওই শিশুটির মা সাথী আক্তারকে পঞ্চগড়ে আসার ব্যবস্থা করে পুলিশ। রবিবার দুপুরে পঞ্চগড় পুলিশ সুপারের কার্যালয়ে শিশুটিকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়। আবার পুলিশের সহযোগিতায় তাদের ঢাকায় ফিরে যাওয়ার বন্দবস্ত করা হয়। তাদের যাতায়াতের সব খরচ বহন করে পুলিশ।

পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী বলেন, শিশুটি কমলাপুর রেললাইনের কাছের আবাসিক মাদরাসায় পড়ত। আবদ্ধ পরিবেশে তার ভালো লাগত না। পরে সে হেঁটে হেঁটে কমলাপুরে আসে এবং ট্রেনে চড়ে বসে। ট্রেন তাকে পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয়। নিজের অজান্তেই শিশুটি ট্রেনে করে চলে আসে পঞ্চগড়ে। সেখান থেকে ইজিবাইকে করে তেঁতুলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। ঠিকানা ঠিকমতো বলতে না পাড়ায় ওই ইজিবাইকচালক পুলিশকে বিষয়টি অবহিত করে। আমরা শিশুটিকে উদ্ধার করে তার পরিচয় বের করি এবং তার মা এসে শিশুটিকে নিয়ে গেছেন। আমাদের কাজ এভাবেই মানুষের বিপদে পাশে দাঁড়ানো। এখানে বড় করে কিছু বলার নেই।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর