প্যাকেট দেখে বোঝার উপায় নেই যে ২০ শলাকার আস্ত বেনসনের প্যাকেটে ডারবি আছে ৫ শলাকা। একটি নির্দিষ্ট সিরিয়ালের বিভিন্ন প্যাকেট থেকে ৩ থেকে ৫ শলাকা বের করে নিয়ে বেনসনের পরিবর্তে ঢুকিয়ে দেওয়া হয়েছে ডারবি। আর সেই প্যাকেট সরাসরি কম্পানির ভ্যান থেকে নেয়া হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি এই প্রতারণার প্রমাণ মিলেছে বগুড়ার শেরপুরের বেশ কিছু খুচরা দোকান ও ধুমপায়ীদের কাছ থেকে।
এই ঘটনা সংবাদ কর্মীদের কানে পৌঁছানোর কথা জানতে পেরে তড়িঘড়ি করে ওই প্যাকেটগুলো উত্তোলন করে নেয়া হয়েছে। গত ৩ জুন শেরপুর থানার পাশ^বর্তী একটি দোকানে এক ব্যক্তি ৩ শলাকা বেনসন চায়। দোকানদার ২০ শলাকার নতুন একটি প্যাকেট খুলে ৩ শলাকা দিতেই চোঁখে পরে ২ শলাকা ডারবি। তখন প্যাকেটটি ভালোভাবে চেক করলে দেখা যায় ওই প্যাকেটে আরো ১ শলাকা মোট ৩ শলাকা ডারবি রয়েছে। ঘটনাটি বিশ^াস করতে পারছিলেন না ওই দোকানে উপস্থিত কেউই। ইনট্যাক্ট একটি বেনসনের প্যাকেটে কিভাবে ডারবি থাকতে পারে? কৌতুহল বসত উপস্থিত সবার সামনে দোকানদারের কাছ থেকে আরো একটি প্যাকেট নিয়ে দেখা যায় একই ভাবে ওই প্যাকেটেও রয়েছে ৫ শলাকা ডারবি। তবে লক্ষ্য করা হয় যেই প্যাকেট গুলোতে ডারবি পাওয়া গিয়েছিলো সেই প্যাকেট গুলোর সিরিয়াল নম্বর বা কোড নম্বরের সাথে অন্যান্য দোকানের সিগারেটের প্যাকেটের সিরিয়াল নম্বরের মিল নেই। উদাহরণস্বরূপ ৫ শলাকা ডারবি যে প্যাকেট থেকে পাওয়া গিয়েছিলো তার একটির সিরিয়াল নম্বর ছিলো ১২৪৪৬।
জানা যায়, ওই দিন কম্পানির ভ্যান থেকে উক্ত দোকানে ১০ প্যাকেট বেনসন ক্রয় করা হয়েছিল যার মধ্যে ২ প্যাকেট খুলে ডারবি পাওয়া গেছে, আর বাকি প্যাটেগুলো খোলার আগেই কম্পানি উত্তোলন করে নেয়।
সাথে সাথে ঘটনাটি ছড়িয়ে পরে ধুমপায়ী ও ব্যবসায়ীদের মাঝে। এর আগেও ঘটেছে এমন ঘটনা। সে-বারে বেনসনের প্যাকেটে ছিলো পুরোটাই শরিফ বিড়ি। এ কথার সত্যতা স্বীকার করেছেন স্থানীয় সেলস ম্যানেজার মো: শরিফ ও সেলসম্যানরা। মাস ছয়েক আগে পৌর শহরের বিকাল বাজার এলাকায় শ্যামলের দোকানে আস্ত বেনসনের প্যাকেটের ভিতরে পাওয়া যায় পুরোটাই শরিফ বিড়ি। তবে সেই তুলনায় প্রতারণার পদ্ধতি কিছুটা পরিবর্তন হয়েছে। এবারে ৫ শলাকা করে পরিবর্তন করা হয়েছে প্যাকেটগুলো থেকে। তবে এমন প্রতারণার সাথে জড়িত রয়েছে ভিতরের’ই কোনো প্রতারক চক্র এমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
এ বিষয়ে বগুড়া ও সিরাজগঞ্জ জেলার ব্রিটিশ টোবাকোর ডিপো এম.আর. ব্রাদার্স এর ম্যানেজার নওশেদুর রহমান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি এ ঘটনায় একটি তদন্ত টিমের মাধ্যমে তদন্ত করে ব্যবস্থা গ্রহন করব।
বার্তা বাজার/সি.কে