গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুলিশের হাঁটুর আঘাতে নিখিল তালুকদার নামের এক কৃষকের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এএসআই শামীম হাসানকে।
রোববার (৭ জুন) রাত সাড়ে ৯টার দিকে নিহতের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে এএসআই শামীম হাসান ও পুলিশের সোর্স মো. রেজাউলকে আসামি করে কোটালীপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপরই তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের সোমবার (৮ মে) আদালতে পাঠানো হবে।
নিহতের পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার (২ জুন) বিকেলে কোটালীপাড়া উপজেলার রামশীল বাজারের ব্রিজের পূর্ব পাশে নিখিলসহ চারজন তাস খেলছিল। এ সময় কোটালীপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক শামীম হাসান একজন ভ্যান চালক ও পুলিশের সোর্স মো. রেজাউলকে নিয়ে সেখানে যান এবং আড়ালে দাঁড়িয়ে মোবাইলে তাস খেলার দৃশ্য ধারণ করেন। তাস খেলতে থাকা সবাই পুলিশ দেখে দেখে দৌড়ে পালিয়ে গেলেও নিখিলকে শামীম হাসান ধরে মারপিট করতে থাকেন এবং হাঁটু দিয়ে মেরুদণ্ডে আঘাত করেন। এতে নিখিলের মেরুদণ্ড তিন খণ্ড হয়ে যায়।
গুরুতর আহত নিখিলকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়।
বার্তাবাজার/এসজে