পোষাক কারখানার ৮২ লাখ ১২ হাজার টাকা ব্যাংক থেকে তুলে যাওয়ার পথে গুলি করে টাকাগুলো লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। রোববার (৭ জুন) দুপুরে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর মাটিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন মজুমদার গণমাধ্যমকে জানান, ওই কারখানার শ্রমিকদের গত মে মাসের বেতন পরিশোধের জন্য কারখানার সাতজন কর্মকর্তা একটি মাইক্রোবাস নিয়ে ব্যাংক এশিয়ার কালিয়াকৈর শাখায় যান। সেখান থেকে ৮২ লাখ ১২ হাজার টাকা উত্তোলন করে একটি ব্যাগে নিয়ে ওই গাড়িতে করে কারখানায় ফিরছিলেন। ফেরার পথে নির্মাণাধীন একটি ওভারপাসের পাশে কয়েকটি মোটরসাইকেল নিয়ে অস্ত্রধারী ছিনতাইকারীরা তাদের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে কয়েক রাউন্ড গুলি করে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছে থাকা টাকার ব্যাগটি লুট করে নিয়ে পালিয়ে যায়।
অফিসার ইনচার্জ আরও জানান, ছিনতাইকারীদের গুলিতে কারখানার মার্চেন্ডাইজার রাজীব চন্দ্র মজুমদার গলার পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুত্বও আহত হয়েছেন। তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরো কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যপারে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, লুট হওয়া টাকা উদ্ধার এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশ সুপারের নির্দেশে কাজ করছে পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার / ডি.এস