পদ্মায় ট্রলার ডুবির ঘটনায় ২ শ্রমিকের মরদেহ উদ্ধার

ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীতে ট্রলার ডুবিতে নিখোঁজ ৫ শ্রমিকের মধ্যে তিন দিন পর ২ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পূরবী গোলদার।

রোববার (৭ জুন) সকালে মাদারীপুর জেলার শিবচরের মাওয়া ঘাট এলাকার পদ্মা সেতুর পশ্চিম পাশ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুজনের মরদেহ শনাক্ত হয়েছে। তারা সদরপুরের শহীদুল বেপারি ও তার চাচাতো ভাই রুবেল বেপারি। তবে এখনো বাকি ৩ জনের মরদেহ উদ্ধার হয়নি।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার জানান, মাওয়া এলাকার পদ্মা নদীতে লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নিহতের স্বজনরা গিয়ে লাশ দুটি শনাক্ত করে। তিনি আরও বলেন, প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারগুলোকে আর্থিক অনুদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ দিকে ট্রলারডুবিতে নিখোঁজের স্বজনদের আহাজারিতে নদী তীরের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে আকটের চর ইউনিয়নের শয়তানখালীর পদ্মা নদীর ঘাট এলাকা থেকে ২৭ জন দিন মজুর বাদাম তুলতে দিয়ারা এলাকার চরের দিকে যাওয়ার সময় মাঝ নদীতে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে ২২ জন সাতরে তীরে উঠে আসতে পারলেও ৫ জন নিখোঁজ হয়। এখনও তিন জনের লাশ খুঁজে পাওয়া যায় নি।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর