করোনায় আক্রান্ত হয়ে টানা ৩ দিন ধরে অক্সিজেন সাপোর্টে আছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। এই তিনদিনে তার শারীরিক অবস্থা আগের মতই অপরিবর্তিত আছে। শ্বাসকষ্টের কারণে দেয়া হচ্ছে অক্সিজেন সাপোর্ট। তার ডায়ালাইসিসও করা হচ্ছে প্রতিদিন।
গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ রোববার (৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমকে এইসব তথ্য জানান।
মো. ফরহাদ জানান, ‘স্যারের অবস্থা এখনও স্থিতিশীল। তিনি এখনও অক্সিজেনে আছেন। এখনও তার শ্বাসকষ্ট পুরোপুরি কমেনি। আজকেও তার ডায়ালাইসিস করা হয়েছে। পরপর তিনদিন ডায়ালাইসিস করা হলো। বিশেষ ব্যবস্থায় এই ডায়ালাইসিস করা হয়েছে।’
গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। গত ২৬ মে তিনি প্লাজমা থেরাপি নেন। এরপর ২৫ মে রাতে তিনি দ্বিতীয়বার এবং ৬ জুন তৃতীয়বারের মতো প্লাজমা থেরাপি নেন। শুক্রবার থেকে তার শ্বাসকষ্ট বাড়ে। ওইদিন দুপুর থেকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে ডা. জাফরুল্লাহকে।
বার্তাবাজার/এসজে