আলোচিত বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় বহিস্কৃত ছাত্রলীগের বুয়েট শাখার সাধারণ সম্পাদকসহ চার আসামির জামিন নামঞ্জর করেছে আদালত।
রোববার (৭ জুন) দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এবং অনলাইনে পরিচালিত কোর্টের বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া আসামীরা হলেন- বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল, সহ-সভাপতি মুহতাসিম ফুয়াদ, মোর্শেদ অমত্য ইসলাম ও এসএম মাহমুদ সেতু।
মামলায় রাষ্ট্রপক্ষে শুনানী করেন আবু আব্দুল্লাহ ভুইয়া ও আসামি পক্ষে ফারুক আহাম্মদসহ বেশ কয়েকজন আইনজীবি শুনানি করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবি আবু আব্দুল্লাহ ভূঁইয়া গণমাধ্যমকে জানান, আসামিদের ঘটনার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার বিষয়টি তদন্তে উঠে এসেছে। এছাড়া নাজমুস সাদাত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাই জামিন আবেদন নামঞ্জুর করে আদেশ দিয়েছেন আদালত।
এর আগে গত ২ জুন একই আদালত শাখা ছাত্রলীগের ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিয়নের জামিন আবেদনও নামঞ্জুর করেন। মামলায় অভিযুক্ত ২৫ জনের মধ্যে এজাহারভুক্ত ১৯ জন এবং এজাহার বহির্ভূত ৬ জন। গ্রেফতারদের মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
গত বছর ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগের কিছু উচ্ছৃঙ্খল কর্মীর হাতে নির্দয় পিটুনির শিকার হয়ে মারা যান বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ। এ ঘটনায় পরদিন নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় একটি মামলা করেন।
বার্তাবাজার/এসজে