ঘাটাইলে নদী থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার, নিখোঁজ আরও এক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সংগ্রামপুর ইউনিয়নে আব্দুল্লাহ (২৫) ও মোঃ ফারুক (২৪) নামের দুই কলেজ ছাত্র বংশাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। এর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

রবিবার (০৭ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার মানিকপুর আঙ্গারখোলা এলাকায় ব্রিজ সংলগ্ন বংশাই নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ উপজেলার ছনখোলা গ্রামের আব্দুল বাছেদের ছেলে অপর একজন আব্দুর রহমানের ছেলে মোঃ ফারুক এখনও নিখোজ রয়েছে ।

পুলিশের উপপরিদর্শক (এসআই) মতিউর রহমান জানায় করটিয়া সাদত কলেজের ৩য় বর্ষের ছাত্র আব্দুল্লাহ ও সন্ধ্যানপুর স্কুল এন্ড কলেজের ২য় বর্ষের ছাত্র মোঃ ফারুক বন্ধুদের সাথে দুপুরে ফুটবল খেলা শেষে নদীতে গোসল করতে যায়। এসময় নদীর উপর একটি ব্রীজ থেকে লাফিয়ে ওই দুই জন নিখোঁজ হয়ে যায়। বিষয়টি স্থানীয়রা দেখে তাদের উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়। পরে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালিয়ে বিকেলে আব্দুল্লাহ নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। অপর নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম জানান, ‘দুই যুবক মিলে দুপুরে অন্যান্য বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা শেষ করে বংশাই নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা দুইজন পানিতে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে বিকেলে একজনের মৃতদেহ উদ্ধার করে। এরপর পুলিশের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়। অপরজনকে উদ্ধারে ডুবুরি দলের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

এ বিষয়ে ঘাটাইল থানার পুলিশের উপপরিদর্শক(এসআই) মতিউর রহমান জানান, নিখোজ কলেজ ছাত্রদের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। অন্যজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর