দেশে মহামারী আকার ধারন করা করোনা ভাইরাসে প্রাণ হারালেন আরও এক সংবাদকর্মী। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এই সাংবাদিকের নাম মোনায়েম খান। তিনি কক্সবাজারের সিনিয়র সাংবাদিক ও ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি। আজ (৭ জুন) দুপুরে চট্টগ্রাম মেডিকেলের করোনা ইউনিটে তিনি মারা যান ৫৪ বছর বয়সী এই সাংবাদিক।
সাংবাদিক মোনায়েম খান কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার মরহুম কানুনগো বদিউল আলমের বড় ছেলে।
জানা যায়, গত মে মাসের মাঝামাঝি সময় থেকে করোনার উপসর্গে ভুগছিলেন তিনি। সম্প্রতি তার কলেজ পড়ুয়া ছেলেও একই ধরণের সমস্যায় ভোগায় গত ৩০ মে করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হয়। ৩১ মে পাওয়া রিপোর্টে জানা যায় বাবা ছেলে দুজনেরই করোনা পজেটিভ। এরপর ১জুন রাতে মোনায়েম খানের অবস্থার অবনতি হওয়ায় স্থানীয় একটি এনজিও পরিচালিত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়।
সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে গত ৩ জুন তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেলের করোনা ইউনিটে। অবস্থার আরও অবনতি হওয়ায় আইসিইউতে নেয়ার পরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
বার্তাবাজার/এসজে