প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেনবাগ পৌরসভার এক কর্মচারীসহ নোয়াখালীতে তিন জনের মৃত্যু হয়েছে। জেলায় এখন পর্যন্ত প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৯ জন। আক্রান্ত হয়েছেন সর্বমোট ১০০১ জন।
রোববার (৭ জুন) তিন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা।
সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মতিউর রহমান বলেন, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ৫০ বছর বয়সী ওই বৃদ্ধ সেনবাগ পৌরসভার বাবুপুর এলাকার বাসিন্দা। তিনি সেনবাগ পৌরসভায় কর্মরত ছিলেন। অসুস্থবোধ করায় তার নমুনা সংগ্রহ করার পর গত ২৭ মে তার করোনা শনাক্ত হয়। এরপর থেকে তিনি নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন। রোববার ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়। এ উপজেলায় করোনায় মৃত্যু হয়েছে মোট ৫জনের।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, বেগমগঞ্জের নরোত্তমপুর ও মিরওয়ারিশপুর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়ে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ১৭ জনের মৃত্যু হয়েছে। নরোত্তমপুরের বাসিন্দা ওই বৃদ্ধ (৭৫) গত ১ জুন অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি হন। তার শরীরে করোনা উপসর্গ থাকায় পরদিন ২জুন ওই হাসপাতালে তার নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে তিনি হাসপাতাল থেকে বাড়িতে চলে আসেন। গত ৫ জুন শুক্রবার ওই ব্যক্তির করোনা শনাক্ত হয়। ৬ জুন শনিবার সন্ধ্যায় নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে এক নারী (৩৭) গত ৪ জুন করোনায় আক্রান্ত হন। আক্রান্তের পর থেকে নিজ বাড়িতে হোম আইসোলেশনে ছিলেন তিনি। ৬ জুন শনিবার সকালে তার মৃত্যু হয়।
বার্তা বাজার / ডি.এস