ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার আলীপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদের বিরুদ্ধে হতদরিদ্রদের ভিজিডির চাল বিতণের অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

রোববার (৭ জুন) একই ইউনিয়নের চার ইউপি সদস্য মো. বাহউদ্দিন মিয়া, মোসা. নুর নাহার বেগম, মো. মাজহারুল ও মো. আফজাল মূধা অভিযোগ স্বাক্ষর করে দশমিনা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পটুয়াখালী জেলা প্রশাসক বরাবরে এক লিখিত অভিযোগ প্রদান করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলা আলীপুরা ইউনিয়নের ৬১৫ জন হতদরিদ্রদের মাঝে ভিজিডির ২০১৯ সাল ও চলতি বছরের জানুয়ারিসহ মোট ১৩ মাসের চাল বিতরণ করা হয়। গত শুক্রবার এক মাসের চাল বিতরণের কথা বলা হলে স্থানীয় ইউপি সদস্যরা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ভুক্তুভোগীদের নিয়ে উপস্থিত হন। পরে ইউপি সদস্যরা উপস্থিত হয়ে জানতে পারেন চলতি বছরের ফেব্রুয়ারি,মার্চ ও এপ্রিল মাসের চাল বিতরণ না করে মে মাসের চাল বিতরণ করা হবে। ইউপি সদস্যরা কারণ জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের ভিজিডির মাস্টার রোল ও টিপ সই দেয়া কার্ড ধরিয়ে দেন। ভিজিডির কার্ডে টিপ সইয়ের কারণ জানতে চাইলে ইউপি সদস্যদের গালমন্দ করেন ওই চেয়ারম্যান।

আলীপুর ইউনিয়ন পরিষোধ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বাদশা ফয়সাল আহম্মেদ বলেন, আমি আওয়ামীলীগের চেয়ারম্যান। আমার পরিষদের সদস্যরা সবাই বিএনপি। আমার পিছনে ইচ্ছে করে তারা লাগছে। অভিযোগটি মিথ্যা ভিত্তিহীন। আমার কাছে সকল কাগজ পত্র আছে। সময় মতো তা প্রদর্শন করবো।

উপজেলা নির্বাহী অফিসার মোসা. তানিয়া ফেরদৌস বলেন, অভিযোগ পেয়েছি, কপি দ্রুত জেলা প্রশাসক বরাবরে পাঠানো হবে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর