করোনায় আক্রান্ত বাংলাদেশ আ’লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদ নাসিমের জন্য রায়গঞ্জবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা সম্প্রীতি মঞ্চের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং রায়গঞ্জ উপজেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (হৃদয়)।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। কোভিড-১৯ এ আক্রান্ত ও স্ট্রোকের পর তিনি ‘ডিপ কোমায়’ বলে জানিয়েছে মেডিকেল বোর্ড।
শনিবার (৬ জুন) রাতে মেডিকেল বোর্ডের বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত ১৩ সদস্যদের মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন তিনি।
ঢাকার শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। কনক কান্তি বড়ুয়া জানান, মোহাম্মদ নাসিমের অবস্থা খুবই সংকটাপন্ন। তিনি কোনো সাড়া দিচ্ছেন না এবং ডিপ কোমায় রয়েছেন।
এর আগে বিকেল ৪টায় মেডিকেল বোর্ড বৈঠকে বসে এবং ঘণ্টাব্যাপী বৈঠক হয় বলেও জানান কনক কান্তি বড়ুয়া।
ঐ দিন বিকেলে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের নিউরোসার্জন ডা. রিয়াজুল হক জানিয়েছিলেন, মোহাম্মদ নাসিম অচেতন অবস্থায় রয়েছেন। তাকে আইসিইউতে ভেন্টিলেটরে রাখা হয়েছে।
আবুল কালাম আজাদ (হৃদয়) বলেন ,আমাদের দেশের সব মানুষ আমাদের নেতার জন্য দোয়া করবেন যাতে করে তিনি খুব দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
বার্তা বাজার/টি.সি