চাঁদপুরের শাহরাস্তিতে কাজ হারিয়ে ক্ষুব্ধ গৃহকর্মী গৃহকর্ত্রীর ৫ বছরের শিশুকে হাত বেঁধে পানিতে ডুবিয়ে হত্যা করেছে। এই ঘটনার পর স্থানীয়দের সহায়তা অভিযুক্ত ফাতেমা বেগমকে আটক করেছে পুলিশ।
শনিবার উপজেলার বলশীদ গ্রামের যুগীনগর তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েকমাস আগে কাজল রেখার ঘরে গৃহপরিচারিকার কাজ ছেড়ে দেয় ফাতেমা বেগম। ঘটনার দিন সকালে সে আবারও কাজল রেখার ঘরে আসে। এ সময় গৃহপরিচারিকা ফাতেমা, কাজল রেখার শিশুকন্যা জান্নাতুল মাওয়াকে তার পুত্র আরাফাতকে খুঁজে আনতে বলে। শিশু মাওয়া তা না করায় ফাতেমা ক্ষুব্ধ হয়ে ওড়না দিয়ে তার দুই হাত বেঁধে ঘরের পার্শ্ববর্তী গর্তে চুবিয়ে মেরে ফেলে। পরে প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাতেমাকে আটক করে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে শিশুটিকে পানিতে চুবিয়ে হত্যার প্রমাণ পাওয়া গেছে। ভিকটিমের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার বিরুদ্ধে ঘটনার শিকার পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরে করা হয়েছে।
বার্তাবাজার/পি.এইচ