আরও ১১২ বাংলাদেশি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরছেন

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে আটকে পড়া ১১২ জন বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের দ্বিতীয় বিশেষ বিমান নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছে।

শনিবার (০৬ জুন) সকাল ৯টায় কাতার এয়ারওয়েজের বিশেষ বিমানটি ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়।

নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসা জন এফ কেনেডি বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান। এ সময় কনস্যুলেটের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কাতার এয়ারওয়েজের বিমানটি (কিউআর ৩৪৫৮) দোহা বিমান বন্দরে প্রায় ৪ ঘণ্টা যাত্রাবিরতি করে (কিউআর ৩৩৯০) রবিবার বিকাল ৪:৪৫ মিনিটে (স্থানীয় সময়) ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।

যাত্রীদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীবৃন্দ, উচ্চ ডিগ্রী অর্জনে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন ট্রেনিংয়ে অংশগ্রহণকারী, দর্শনার্থী, পেশাজীবী ও ব্যবসায়ী।

বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস এবং নিউইয়র্ক ও লসএঞ্জেলেস বাংলাদেশ কনস্যুলেট বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় কার্যাদি সম্পাদন করে।

এর আগে, গত ১৫ মে যুক্তরাষ্ট্রে আটকে পড়া আরও ২৪ বাংলাদেশিকে নিয়ে কাতার এয়ারওয়েজের প্রথম বিশেষ বিমান ওয়াশিংটন থেকে বাংলাদেশে ফিরে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর