বাড়তি দামে জীবাণুনাশক বিক্রির দায়ে চট্টগ্রামে আটক ২

বন্দর নগরী চট্টগ্রামের হাজারী গলির ফার্মেসীতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জীবাণুনাশক দ্রব্য বিক্রির দায়ে দুই জনকে আটক করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (দক্ষিণ)। শনিবার (৬ জুন) সন্ধ্যায় নগরীর হাজারী গলির ‘ইমন মেডিকেল হল’ নামক ফার্মেসীতে অভিযান চালিয়ে দুই অসাধু ব্যবসায়ী আটক করা হয় এবং ১৭৫লিটার হেক্সাসল ও ১১লিটার সেভলন লিকুইড জীবাণুনাশক জব্দ করা হয়।

সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান গণমাধ্যমকে জানান, “সুনির্দিষ্ট তথ্য ও অভিযোগের ভিত্তিতে হাজারী গলির ইমন মেডিকেল হলে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে বাড়তি দামে জীবানুনাশক বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ অনেক আগেই ছিল। তবে প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যায়নি।

তবে আজ বিশ্বস্ত সূত্রে খবর পেলে সন্ধায় অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযান চালালে দুই ব্যক্তিকে অতিরিক্ত দামে জীবাণুনাশক বিক্রির ভাউচার সহ আটক করা হয়। সেই সাথে বিক্রির জন্য রাখা ১৭৫লিটার হেক্সাসল ও ১১লিটার সেভলন লিকুইড জব্দ করা হয়।

আটক দুইজন হলেন, চন্দনাইশ থানাধীন বিনাজুরী এলাকার গোপাল দেবের ছেলে সুভাষ দেব (৪৫) ও কক্সবাজার জেলার সদর উপজেলার চৌফলদণ্ডি এলাকার বিরন কান্তি দে’র ছেলে শুভ দে (২২)।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর