২০১৮ সালের জাতীয় নির্বাচনে নাটোরের সিংড়া-বারুহাস রাস্তার কাছে ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামে প্রচারণা চালাতে যান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। গ্রামবাসীর আবদার পূরণ করতে প্রতিশ্রতি দেন পাঁকা করে দিবেন গ্রামে প্রবেশের একমাত্র রাস্তাটি। গ্রামবাসী খুশি হয়ে এই রাস্তার নাম রাখেন ‘পলক সড়ক’। রাস্তার দুই ধারে ফলক ঝুলিয়ে গ্রামবাসীর নামকরণ পর্যন্তই থমকে আছে রাস্তাটির উন্নয়ন। হয়নি প্রতিশ্রুতি পূরণ।
স্থানীয়রা জানান, ২০১৭ সালের শুষ্ক মৌশূমে গ্রামের লোকদের স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণ শুরু হয়। পরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালামের সহযোগিতায় প্রতিমন্ত্রীর অনুদানে রাস্তার কাজ সম্পন্ন করা হয়। এরপর থেকে আর কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি রাস্তাটিতে। রাস্তার দুপাশের মাটি ভেঙে জমিতে পড়ে গেছে। কোনো কোনো জায়গায় গর্তের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য মো. আকবর হোসেন জানান, চলনবিলের প্রত্যন্ত এই অঞ্চলে প্রায় সব গ্রামেই কমবেশি পাকা রাস্তা আছে। এই এক কিলোমিটার রাস্তা পাকা করা হলে শুধু ঠেঙ্গাপাকুড়ীয়া নয়, পাশের কয়েক গ্রামের সাধারণ মানুষও যোগাযোগ সুবিধা পাবেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী পলকের পিও রাকিবুল ইসলাম জানান, ইতিমধ্য প্রতিমন্ত্রী মহোদয় সংশ্লিষ্টদের দ্রুত রাস্তা পাকা করতে নির্দেশ দিয়েছেন। আশা করি এলাকাবাসীর সুবিধার্তে রাস্তাটি দ্রুত পাকাকরণের কাজ হবে।
বার্তাবাজার/এসজে