স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী আটক

পারিবারিক কলহের জের ধরে ঢাকার সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক স্বামীকে গলা কেটে হত্যার অভিযোগে নিহতের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শনিবার (৬ জুন) আশুলিয়ার ঘোষবাগ সোনামিয়া মার্কেট এলাকার ভাড়া বাড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

আটক ওই মহিলার নাম তাসমিরা আক্তার, তার বাড়ি পিরোজপুর জেলার বোচাগঞ্জ থানার ছেনিহারা গ্রামে। নিহত মমিনুল ইসলাম (২৮) ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার চন্দ্ররিয়া গ্রামের আমির আলীর ছেলে। তারা দুজনেই আশুলিয়ার সোনামিয়া মার্কেট এলাকায় ভাড়া বাড়িতে থেকে স্থানীয় তৈরী পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।

এব্যাপারে, আশুলিয়া থানার উপ-পরিদর্শক টুম্পা সাহা জানান, শনিবার সকালে স্থানীয়দের কাছ থেকে হত্যাকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহটি থানায় আনা হয়। এসময় ঘটনার সঙ্গে জড়িত সন্দহে নিহতের স্ত্রী তাসমিরাকে আটক করা হয়েছে।

নিহতের গলায় গভীর ক্ষত চিহ্ন রয়েছে উল্লেখ করে তিনি জানান, আটক তাসমিরা আক্তারের শরীরেও আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পারিবারিক কলহের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়ে থাকতে পারে স্ত্রী তাসমিরা আক্তার বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে উল্লেখ করে উপ-পরিদর্শক টুম্পা সাহা আরও জানান, এঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর