করোনা চিকিৎসায় যুক্ত হলো আরও একটি হাসপাতাল

প্রাণঘাতী করোনা চিকিৎসায় রাজধানীর উত্তরায় আরও একটি বেসরকারি হাসপাতাল চালু হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত ৩০০ শয্যার এই হাসপাতালটির নাম জাপান ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতাল।

শনিবার (৬ জুন) দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক অনলাইনে এই হাসপাতালের উদ্বোধন করেন। এসময় সংযুক্ত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব মো. আলী নূর, বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি এম. এ. মুবিন খান, জাপান ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের ব্যবস্থাপক পরিচালক ড. মো. মোয়াজ্জেম হোসেন এবং জাইকার প্রতিনিধিবৃন্দ। ।

কোভিড-১৯ চিকিৎসায় যুক্ত হওয়া হাসপাতালটি বাংলাদেশের ইস্ট ওয়েস্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং জাপানের গ্রিন হসপিটাল সাপ্লাই ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা) যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, কোভিড আক্রান্ত চিকিৎসকদের চিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দেবে প্রতিষ্ঠানটি। চিকিৎসকদের জন্য ২০টি শয্যা বরাদ্দ থাকবে। ৩শ’ শয্যার মধ্যে ২৪টি নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ থাকবে। আর আইসোলেশন বেড থাকবে মোট ৩৬টি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর