ভেন্টিলেশন সাপোর্টে মোহাম্মদ নাসিম

গতকাল ভোরে ব্রেন স্ট্রোক করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বর্তমানে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ হাসপাতালে চিকিৎসা চলাকালে শুক্রবার (৫ জুন) ভোরে তার ব্রেন স্ট্রোকের ফলে মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণ হয়।

পরে অস্ত্রোপচার করা হয় এবং তা সফল হয়েছে। জরুরি ভিত্তিতে হাসপাতালের নিউরোসার্জন অধ্যাপক রাজিউল হকের তত্ত্বাবধানে অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মস্তিষ্কে বড় ধরনের রক্তক্ষরণের কারণে গতকাল মাথায় অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে।

তাকে উচ্চমাত্রার ঘুমের ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। বর্তমানে তিনি গভীর ঘুমে অচেতন রয়েছেন।

আগামীকাল তার ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেয়া হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।

আজ বেলা ১১টায় মোহাম্মদ নাসিমের সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন।

আগামীকাল তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে চিকিৎসকদের মতামতের ভিত্তিতে ভেন্টিলেশন সাপোর্ট খুলে দেয়া হতে পারে।’

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর