সরকারি অফিসারকে জুতোপেটা করলেন নেত্রী!

মেয়েদের প্রতি অবমাননাকর শব্দোচ্চারণের অভিযোগ ভারতের ক্ষমতাসীন বিজেপির টিকটক তারকানেত্রী সোনালি ফোগোট সরকারি এক অফিসারকে জনসমক্ষে জুতোপেটা করলেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে বিজেপিশাসিত হরিয়ানার হিসারের বালসমন্দের সব্‌জি বাজারে। পুরো ঘটনার দুটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সূত্রের খবর, ওই বাজারে শুক্রবার পরিদর্শনে গিয়েছিলেন সোনালি। সেখানে বিক্রেতারা সরকারি ব্যবস্থা সম্পর্কে অভিযোগের তালিকা তাঁর হাতে ধরায়। সেব্যাপারে কৃষি উৎপাদন মার্কেট কমিটির সদস্য, তথা সরকারি অফিসার সুলতান সিং–এর কাছে জবাবদিহি দাবি করেন সোনালি। অভিযোগ, এজন্য সোনালিকে ‘‌নাটুকে’‌ বলে কটাক্ষ করেন সুলতান এবং তারপরই ক্ষিপ্ত সোনালি তাকে চড়থাপ্পড় এবং জুতোপেটা করেন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ঘটনাস্থলে উপস্থিত যুবকরা।

ফুটেজে দেখা যায়, সুলতান কাঁদতে কাঁদতে কোনো রকমে মুখ ঢেকে আত্মরক্ষার চেষ্টা করছেন। এবং নেত্রীকে বলছেন তিনি অভিযোগ লিখে নিয়েছেন এবং পরে এবিষয়ে ব্যবস্থা নেবেন। কিন্তু সোনালি থামেননি। তিনি পুলিশে খবর দেন। কিন্তু সুলতানের কাকুতিমিনতিতে তিনি আর লিখিত অভিযোগ দায়ের করেননি। এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম আজকাল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর