করোনা পরিস্থিতিতে রাজশাহীবাসীর বহুআকাঙ্ক্ষিত ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ যাত্রা শুরু করেছে। ট্রেনটি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা রুটে চলাচল শুরু করেছে।
শুক্রবার(৫ জুন) বিকেল ৪টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকার কমলাপুরের উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি।
যাত্রা শুরুর প্রথমদিনে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরের বেশ কয়েকটি স্টেশন থেকে আম, লিচুসহ কৃষিপণ্য নিয়ে রাজধানী ঢাকার পথে ছুটছে ‘ম্যাংগো স্পেশাল ট্রেন-১’।
স্টেশনগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, প্রথমদিনে প্রায় ৯০০০ কেজি আম নিয়ে ঢাকা রওনা করেছে ট্রেনটি। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে বুকিং হয়েছে ১০০০ কেজি, কাঁকনহাট স্টেশন থেকে ৪০০ কেজি, রাজশাহী স্টেশন থেকে ২৬৯৫ কেজি, সরদহ স্টেশন থেকে ৫০০ কেজি, আড়ানী স্টেশন থেকে ১১১০ কেজি ও নাটোরের আব্দুলপুর স্টেশন থেকে ৪৩১০ কেজি আম। এছাড়া আমনুরা বাইপাস স্টেশন থেকে প্রথমদিনে স্বল্প পরিমাণে আম বুকিং করা হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, প্রথমদিনে বুকিং কিছুটা কম হয়েছে। ম্যাংগো স্পেশাল ট্রেন চলাচল শুরু ও আম বুকিং করে পাঠানোর প্রক্রিয়ার বিষয়টি এখনও অনেকে ঠিকমতো জানেন না। তবে ব্যাপক প্রচারণার মাধ্যমে আমচাষি ও পাইকার ব্যবসায়ীদের ট্রেনে আম বহনে আগ্রহী করে তোলার চেষ্টা করে যাচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ম্যাংগো স্পেশাল ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ, আমনূরা বাইপাস, কাঁকনহাট, রাজশাহী, সরদহ, আড়ানী ও নাটোরের আব্দুলপুর বাইপাস স্টেশন থেকে আমসহ কৃষিপণ্য বুকিং করা যাবে। রাজশাহী থেকে ঢাকায় আম পাঠাতে মণ প্রতি খরচ পড়বে ৪৭ টাকা ২০ পয়সা। অর্থাৎ কেজিপ্রতি ১ টাকা ১৮ পয়সা। আর চাঁপাইনবাবগঞ্জ স্টেশন থেকে ঢাকায় আম পাঠাতে প্রতি কেজিতে খরচ পড়বে ১ টাকা ৩০ পয়সা। অর্থাৎ এক মণে মাত্র ৫২ টাকা।
বার্তাবাজার/কে.জে.পি