মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যশোরের ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের নাহিদ সিরাজ নামের এক চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য ঐ চিকিৎসককে হেলিকপ্টারে করে রাজধানী ঢাকায় আনা হয়েছে।
হেলিকপ্টারটি শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে ঢাকায় বিমান বাহিনীর ঘাঁটি বাশারে অবতরণ করে। পরে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, ডা. নাহিদ সিরাজ সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হন। যশোরেই তার চিকিৎসা চলছিল। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়।
চিকিৎসক নাহিদের সঙ্গে তার সহকর্মী আনজুম সোনিয়া ও উত্তম রয়েছেন। আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাহিদকে ঢাকায় আনার যাবতীয় ব্যবস্থা বিমান বাহিনী করেছে। তাকে নিয়ে রাত ৮টা ২ মিনিটে যশোর বিমান বাহিনীর মতিউর রহমান ঘাঁটি থেকে হেলিকপ্টারটি ঢাকার উদ্দেশে যাত্রা করে।
ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সিবিলিটিস এর তথ্যমতে, দেশে এখন পর্যন্ত এক হাজারের বেশি চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ১৮ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও পাঁচ চিকিৎসক।
কে.এ.স/বার্তাবাজার