আইনমন্ত্রী আনিসুল হকের করোনায় হওয়ার মিথ্যে গুজব ছড়ানোর অভিযোগে সাজ্জাদ হোসেন বাবর নামের এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
ঐদিন সন্ধ্যায় আটককৃত যুবকের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে দেখা যায়, তার ২১ ঘন্টা আগে তিনি লিখেন ‘আইনমন্ত্রী আনিসুল হক করোনা আক্রান্ত’। ওই পোস্টের কমেন্টে অনেকেই এই খবরটিকে গুজব বলে জানান।
ফেসবুকে পরিচিতিতে সাজ্জাদ হোসেন লিখেন, তিনি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক চন্দনাইশ উপজেলা ছাত্রদল।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন নয়ন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এরই প্রেক্ষিতে চন্দনাইশ থানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
এদিকে, আইনমন্ত্রী করোনা আক্রান্তের যে খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেরিয়েছে সেটা গুজব ও ভিত্তিহীন বলে জানিয়েছেন আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।
বার্তাবাজার/এসজে