ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের দাদপুর গ্রামে মনসুর মোল্যা (৬৫) নামে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যার পর এখন নিহতের পরিবারকে নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে আসামীদের বিরুদ্ধে। এ অবস্থায় অবিলম্বে খুনিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকালে দাদপুর গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহতের স্ত্রী রোকেয়া বেগম (৫৮) ও সন্তানরাসহ কয়েকশ’ গ্রামবাসী অংশ নেয়। মামলার বাদি নিহতের ছেলে মুকুল মোল্যা (৩৮) বলেন, আসামীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ‘এট্টারে ফ্যালাইছি, অ্যান্নে তোর মাথা নিবো’ এই বলে শামীম মোল্যার লোকেরা হুমকি দিচ্ছে তাদের।
সিরাজুল ইসলাম ওরফে জাকু সর্দার নামে এক ব্যক্তি জানান, তিনি ওই হত্যা মামলার সাক্ষী হওয়ায় গত ১৮ মে শামিম মোল্যা গং তাকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে। এখনও তারা হুমকি দিচ্ছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার এসআই কাইয়ুম হোসেন জানান, মনসুর হত্যা মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
প্রসঙ্গত, গত ২১ এপ্রিল মুনসুর মোল্যাকে কুপিয়ে হত্যা ও আরো কয়েকজনকে আহত করে। এ ঘটনায় নিহতের ছেলে মুকুল মোল্যা (৩৫) বাদি হয়ে সাবেক ইউপি চেয়ারম্যান শামীম মোল্যাকে হুকুমের আসামী করে ২১জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১৫-১৬ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।
কে.এ.স/বার্তাবাজার