করোনা ভাইরাসের কারণে বন্ধ রয়েছে মাঠের ক্রিকেট। এর মধ্যে সামনে অস্ট্রেলিয়ায় রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর দেশটিতে বিশ্বকাপ আয়োজন সম্ভব না হলে নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা দেখছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ডিন জোন্স।
অস্ট্রেলিয়ায় অবশ্য করোনার প্রকোপ কমে এসেছে। তবে একেবারেই করোনামুক্ত হয়নি দেশটি। অপরদিকে নিউজিল্যান্ডে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে সরকারের। শেষ ১৩ দিনে নতুন কোনো রোগী পাওয়া যায়নি দেশটিতে। এই মুহূর্তে আক্রান্ত আছেন মাত্র একজন। হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। সেই রোগী সুস্থ হলে আর কেউই করোনা সংক্রমিত থাকবে না নিউজিল্যান্ডে।
এছাড়া নিউজিল্যান্ডের মন্ত্রিসভায় জনসমাগমের ওপর যে নিষেধাজ্ঞা ছিল, সেটা তুলে নেওয়া হতে পারে। এদিকে দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডেন বলেন, ‘যদি এবং কেবল যদি, সামনের দিনগুলোতে আর কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে।’
এই সূত্র ধরে অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার জোন্স টুইট করেন, ‘জেসিন্ডা আরডেন বলেছে, আগামী সপ্তাহেই নিউজিল্যান্ড লেভেল ওয়ানে ফিরে যাবে। এটার অর্থ সামাজিক দূরত্ব এবং জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপ তবে সেখানেই হতে পারে।’
কে.এ.স/বার্তাবাজার