ইমামের গলায় জুতার মালা দেয়া সেই চেয়ারম্যান গ্রেফতার

গতকাল(বুধবার) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় মসজিদের ইমামকে জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সাড়া ফেলে।ঐ ঘটনায় অভিযুক্ত দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা রাঢ়িসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় জেলা পুলিশের একটি টিম মুলাদী উপজেলায় অভিযান চালিয়ে মোস্তফা রাঢ়ি ও সত্তার সিকদারকে গ্রেফতার করে। এর আগে দুপুরে মামলার আরেক আসামি বজলু আকনকে গ্রেফতার করে পুলিশ। এ নিয়ে মামলার মোট তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, মসজিদের ইমাম ও দড়িচর খাজুরিয়া দাখিল মাদরাসার অফিস সহকারী শহিদুল ইসলামকে জুতার মালা পরিয়ে ঘোরানোর ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক দল অভিযানে নেমেছে। চেয়ারম্যান মোস্তফা রাঢ়ি ও সত্তার সিকদার মেহেন্দিগঞ্জ থেকে পালিয়ে মুলাদীতে আত্মগোপন করেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে মুলাদী থেকে তাদের গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর