মানিকগঞ্জের সিঙ্গাইরে ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে মোঃ এনামুল হোসেন সাব্বির(১০) নামের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গান্দারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাব্বির ওই এলাকার মোঃ ফরহাদ হোসেনের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির ধল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। সে বিকালে বাবা-মার অজান্তেই ঝড়ের সময় পাশের বাড়ির আম গাছের আম কুড়াতে যায়। বৃষ্টির সময় হঠাত্ বজ্রপাতে গুরুতর আহত হয়। বাড়িতে ছেলেকে না দেখে বৃষ্টির পর খোঁজাখুঁজি করে পাশের বাড়ির আম গাছের নিচে পড়ে থাকতে দেখে তার মা।তার ডাকচিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে এসে সাব্বিরকে উদ্ধার করে। পরে স্থানীয় বাস্তা দি ঢাকা ক্লিনিক হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য মোঃ শরিফ মিয়া ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, বৃষ্টির সময় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শিশুটি নিহত হয়েছে। নিহতের পরিবারের আহাজারিতে বাতাস ভারী হয়ে আছে।
কে.এ.স/বার্তাবাজার