যৌতুকের জন্য স্ত্রীকে র‍্যাব কর্মকর্তার ভয়ানক নির্যাতন, ক্রসফায়ারের হুমকি

যৌতুকের দাবিতে গর্ভবতী স্ত্রীকে ভয়ংকর নির্যাতনের অভিযোগ উঠেছে র‍্যাব কর্মকর্তার নামে। অভিযুক্ত নাজমুস সাকিব র‍্যাব সদর দপ্তরে এএসপি হিসাবে দায়িত্বরত আছেন। নির্যাতনের শিকার তার স্ত্রী ইসরাত রহমান সম্প্রতি রমনা থানায় তাকে আসামী করে একটা অভিযোগ দায়ের করেন।

জানা যায়, তিন বছর আগে পারিবারিকভাবে নাজমুস সাকিবের সাথে বিয়ে হয় ইসরাত রহমানের। তবে ইসরাতের দাবি বিয়ের পর থেকেই মোটা অংকের যৌতুকের দাবিতে বারবার তাকে মারধর করেছেন স্বামী নাজমুস সাকিব। মারধরে আহত হয়ে বেশ কয়েকবার হাসপাতালে থেকে চিকিৎসাও নিয়েছেন তিনি।

এইবার নির্যাতনের শিকার হয়ে ইসরাত রহমানকে ভর্তি হতে হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। অমানুষিক নির্যাতনের প্রতিবাদ করায় তাকে ক্রসফায়ারের হুমকি দেন নাজমুস সাকিব। এই সন ঘটনা উল্লেখ্য করে বৃহস্পতিবার (৪ জুন) রমনা থানায় নাজমুস সাকিবের নামে নারী নির্যাতনের একটি অভিযোগ দায়ের করেন নির্যাতনের শিকার ইসরাত রহমান।

এ বিষয়ে রমনা জোনের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, ইসরাত নামের এক নারী একটা অভিযোগ দিয়েছেন। তদন্ত কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে সেটিকে মামলা হিসাবে গ্রহণ করা হবে।

র‍্যাব পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, নাজমুস সাকিব ও তার স্ত্রীর পরস্পর অভিযোগের বিষয়ে আমরা অবগত আছি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নেয়ার কার্যক্রম চলছে।

তবে অভিযোগের বিষয়ে বার বার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি র‍্যাবের এএসপি নাজমুস সাকিবকে।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর