পঞ্চগড়ে এক স্কুল শিক্ষক ও শিক্ষার্থীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে। আক্রান্তদের বাড়ি সদর উপজেলায়। বৃহস্পতিবার রাতে এক স্কুল শিক্ষক ও শিক্ষার্থীর আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়,আক্রান্তদের মধ্যে সদর উপজেলার আক্রান্ত ২ জনের মধ্যে একজনের বাড়ি পঞ্চগড় পৌর এলাকার কায়েত পাড়ায়। তিনি পঞ্চগড় সরকারী গার্লস স্কুলের সহকারী শিক্ষক। তার বয়স ৫১ বছর। সম্প্রতি তিনি পঞ্চগড় বাজারে প্রয়োজনীয় কেনাকাটা করার সময় আক্রান্ত হন বলে জানা গেছে। আক্রান্ত অপরজনের বাড়ি পৌর এলাকার আহমদনগরে।
সে পঞ্চগড় মকবুলার রহমান সরকারী কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বয়স ২৩ বছর। সম্প্রতি সে নিজ এলাকার কারো দ্বারা করোনায় আক্রান্ত হয়েছে বলে ধারণা করছেন পঞ্চগড় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনা।
জেলা স্বাস্থ্য বিভাগ থেকে আরো জানা যায়, সদর উপজেলার স্কুল শিক্ষক ও শিক্ষার্থী তারা আগে থেকে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ব্যক্তিগত কাজে বাইরে বের হলে কারো দ্বারা করোনায় আক্রান্ত হয়েছেন। পরিবারের সদস্যদের সহ গত ৩১ মে তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ০৪ জুন তাদের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং সুস্থ আছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৪৭৬ জনের নমুনা সংগ্রহ করার পর ১২৯৬ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৮৬ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ৮৪ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১১ জন,সদরে ২৫ জন,আটোয়ারীতে ৭ জন,বোদায় ৭ জন এবং দেবীগঞ্জে ৩৬ জন। ইতিমধ্যে তেঁতুলিয়ায় ৪ জন,সদরে ৩ জন,বোদায় ২ জন এবং দেবীগঞ্জে ৫ জন সহ মোট ১৪ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।
কে.এ.স/বার্তাবাজার