মহামারী করোনার প্রভাবে দেশে মাত্র দেড় মাসে কৃষকের ক্ষতি হয়ে ৫৬ হাজার ৫৩৬ কোটি টাকারও বেশি। বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক পরিচালিত একটি গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (৪ জুন) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তাদের গবেষণায় করা দু্টি সমীক্ষার ফলাফল তুলে ধরে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কৃষি ও সামগ্রিক খাদ্য নিরাপত্তার ওপর করোনার প্রভাব নিরুপণ করতে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে এই দুটি সমীক্ষা করা হয়। সারাদেশে বিভিন্ন কৃষিজ খাতে কাজ করা ১ হাজার ৫৮১ জন কৃষকের মতামত নেয়া হয় এই গবেষণায়।
দেড় মাসে পণ্যের ক্ষতি ও কম দামের কারণে প্রত্যেক কৃষকের লোকসান হয়েছে গড়ে প্রায় ২ লাখ ৭ হাজার ৯৭৬ টাকা। সেই হিসেবে সারা দেশে কৃষির প্রতিটি উপখাতের সব কৃষকের সংখ্যার ওপর ভিত্তি করে লোকসান হয়েছে কমেছে ৫৬ হাজার ৫৩৬ কোটি ৬৮ লাখ টাকার সমান।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. এম এ সাত্তার মন্ডল বলেন, এই সঙ্কট সামাল দিতে আড়তদার, পাইকার, ফড়িয়া এদেরকেও গুরুত্ব দিতে হবে। সবাইকে কাজে লাগাতে হবে। কেননা, বাজারে এদের বিরাট ভূমিকা থাকে।
ব্র্যাকের ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মহামারী শুরুর পর ব্যাপকহারে চাহিদা কমায় চাষীদের সবজি, দুধ নষ্ট হয়েছে, ফেলে দিয়েছে। এই পরিস্থিতির দীর্ঘমেয়াদী প্রভাব শুভ হবে না। কৃষকরা কৃষিকাজ ছেড়ে দিলে বা কমিয়ে ফেললে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. এম এ সাত্তার মন্ডল, এসিআই এগ্রিবিজনেসের নির্বাহী পরিচালক ড. এফ এইচ আনসারী, ব্র্যাকের ডেইরি অ্যান্ড ফুড এন্টারপ্রাইজের পরিচালক মোহাম্মদ আনিসুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এসজে