নোয়াখালীতে চিকিৎসক-পুলিশসহ নতুন ৭২ করোনা রোগী শনাক্ত

সারা দেশের ন্যায় নোয়াখালীতেও লাফিয়ে বাড়ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। জেলাটিতে গত ২৪ ঘন্টায় শিশু, চিকিৎসক, পুলিশ, স্বাস্থ্যকর্মীসহ আরও ৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছে জেলা সিভিল সার্জনের অফিস। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৪১ জন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২৮, সেনবাগে ২০, বেগমগঞ্জে ১৪ ও চাটখিল উপজেলায় ১০ জন রয়েছেন।সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন জানান, সদর উপজেলায় নতুন আক্রান্ত ২৮ জনের মধ্যে নোয়াখালী জেনারেল হাসপাতালের দুই চিকিৎসক, তিন নার্স ও দুই বছরের এক শিশুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় উপজেলায় ১৪ জন শনাক্ত ব্যক্তির মধ্যে ৯ জন পুলিশ সদস্য রয়েছেন।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, ‘থানার ৯ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে তিনজন উপপরিদর্শক ও ছয়জন কনেস্টবল রয়েছেন। তাদের কোভিড হাসপাতালে আইসোলেশনে পাঠানো হবে।’ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানায়, জেলায় মোট আক্রান্ত ৮৪১ জনের মধ্যে সুস্থ্য হয়েছেন ৮৭ জন। আইসোলেশনে রয়েছেন ৭৩২ জন রোগী।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর