আশুলিয়ায় গণপরিবহনে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইজনকে জরিমানা

ঢাকার সাভারের আশুলিয়ায় নবীনগর বাস স্ট্যান্ডে গণপরিবহনে সরকার ঘোষিত ভাড়া ও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা দেখতে ভ্রামমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে তিনটায় জাতীয় স্মৃতিসৌধের সামনে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট দুইটি বাস মালিককে সরকারি বিধিনিষেধ না মানায় দুই হাজার টাকা জরিমানা করেন। এব্যাপারে তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, সরকার কর্তৃক নির্ধারিত হয়েছে গণপরিবহনে আগের নির্ধারিত মূল্যের ৬০ শতাংশ বেশী ভাড়া নিতে পারবে।

আমরা এখন দেখছি এই অতিরিক্ত ৬০ শতাংশের বেশী ভাড়া কেউ নিচ্ছে কিনা। তারপর বাসের যারা ষ্টাফ যেমন ড্রাইভার, কন্ডাক্টর, হেল্পার সহ অন্যরা স্বাস্থ্য বিধি মানছেন কিনা এবং গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা এবং যারা যাত্রী তাদেরকে গাড়িতে স্বাস্থ্য বিধি মেনে উঠানো হচ্ছে কিনা এসব বিষয় নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেছি। পঞ্চাশ পার্সেন্টের বেশী যাত্রী গাড়িতে উঠানো নিষেধ, এসব বিষয়ও আমরা মনিটর করেছি।

বাসের স্টাফ এবং যাত্রীরা এসব বিধি মানছেন কিনা বার্তা বাজার প্রতিনিধির এমন প্রশ্নের উত্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কয়েকটি বাসের ড্রাইভার এবং কন্ডাক্টরদের মাস্কবিহীন দেখতে পেয়েছি, তবে ৫০ পার্সেন্টের বেশী যাত্রী গাড়িতে উঠানো হয়নি দেখতে পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না দেখেছি, তবে বাকী সব ঠিক আছে এবং এগুলো মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রয়েছে।

ছবি:বার্তাবাজার।

জরিমানা করার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, সড়ক পরিবহন আইনের ৮০ ধারায় সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের অতিরিক্ত ভাড়া আদায় করায় দুইটি বাসের মালিককে এক হাজার টাকা করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।
ছবি:বার্তাবাজার।

তবে বাসের ভিতরের যাত্রীরা অভিযোগ করেছেন তাদের থেকে বর্তমান ৬০ পারসেন্ট অতিরিক্ত ভাড়ার চেয়েও বেশী আদায় করছে বাসের স্টাফগণ। সেলফি পরিবহনে গাবতলি থেকে পাটুরিয়া যাচ্ছেন এমন এক যাত্রী জানান, ‘আগে ৯০ টাকা দিয়ে গাবতলি থেকে যেতাম, আজ আমার থেকে ১৮০ টাকা নিয়েছে, এটা তো সরকার ঘোষিত অতিরিক্ত ৬০ পার্সেন্টেরও অনেক বেশী।

এভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর চলমান ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকার ঘোষিত নির্দিষ্ট ভাড়া গ্রহন ও স্বাস্থ্য বিধি মেনে গণপরিবহনে চলাচল ব্যাপারটি নিশ্চিত হবে জানিয়ে বাসের যাত্রীরা সন্তোষ প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ভ্রাম্যমান আদালতের অভিযান চলাকালে যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলীর নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর