অবৈধভাবে সড়কের গাছ কেটে নেয়ার সময় গাছের চাপায় সেই পথ দিয়ে যাওয়া এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধার নাম আব্দুল লতিফ কাজী। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
জানা যায়, একই গ্রামের সোহাগ পেদা ও মামুন পেদা সড়কের সরকারি গাছ লুটপাট করে কেটে নিচ্ছিলেন। সেখান দিয়ে যাওয়ার সময় স্থানীয় মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ কাজীর শরীরে পরে তাদের কাটা গাছ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মুক্তিযোদ্ধার।
এ বিষয়ে ভেদরগঞ্জের ছয়গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মামুন মীর জানান খবর শুনে ঘটনাস্থলে এসে আমরা মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ কাজীকে উদ্ধার করতে আসি। তিনি নিজ বাড়ি থেকে দুপুরের দিকে বুড়িরহাট বাজারে যাচ্ছিলেন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে।
ভেদরগঞ্জ থানার ওসি নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। অবৈধভাবে সড়কের সরকারি গাছ কাটছিলেন একটি চক্র। তাদের অসাবধানতায় ওই গাছের চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। অভিযুক্তরা এলাকা থেকে পালিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বার্তাবাজার/এসজে