সিংগাইরে হোম আইসোলেশনে করোনা রোগীর মৃত্যু

মানিকগঞ্জের সিংগাইরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মো.ইউনুছ আলী (৬০) নামের এক ব্যক্তি মারা গেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ বৃহস্পতিবার(৪ জুন) ভোর ৫ টায় উপজেলার সিংগাইর পৌরসভা ৩ নং ওয়ার্ডের আজিমপুর গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনা লায়লার নির্দেশে নিয়ম মেনে সকাল সাড়ে ১০ টার দিকে সিংগাইর বাসষ্ট্যান্ড সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ইউনুছ আলী সিংগাইর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে হেডক্লার্ক হিসেবে কর্মরত ছিলেন।

তার ছেলে মো.আব্দুল কাদের ওরফে সাদ্দাম (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ড বয় হিসেবে কর্তব্যরত অবস্থায় করোনা উপসর্গ দেখা দিলে করোনা নমুনা দেয় হাসপাতালে। ঈদের আগে বুধবার (২০ মে) রিপোর্টে করোনা পজেটিভ আসে। পরে আব্দুল কাদের ওরফে সাদ্দাম মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয়ে আইসোলেশনে থাকে এবং বাড়ি লকডাউন করে দেয় প্রশাসন।

এ দিকে কাদেরের সংস্পর্শে আসা পরিবারের অন্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকা পাঠায়। রবিবার (২৪ মে) পরীক্ষার রিপোর্টে পরিবারের অন্য সদস্যদের করোনা নেগেটিভ হলেও আব্দুল কাদেরের পিতা- ইউনুছ আলীর করোনা পজেটিভ আসে। তারপর তাকে বাড়িতেই আইসোলেশনে রাখা হয়।

আইসোলেশনে থাকা অবস্থায় আজ বৃহস্পতিবার ভোর রাতে তার মৃত্যু হয়। তার মৃত্যুর খবরে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয় সেচ্ছাসেবী মোঃ সাগর খান তার সহযোগীদের নিয়ে কবর খুড়ে ও উপজেলা প্রশাসনের নির্দেশে পৌর মেয়র মোঃ খোরশেদ আলম ভূইয়া জয় এবং প্যানেল মেয়র মোঃ সমেজ উদ্দিনের উপস্থিতিতে সরকারি নিয়ম মেনে জানাযা শেষে দাফনের কাজ সম্পন্ন করেছেন বলে জানা গেছে।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর