করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন রানা প্লাজার মালিক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাভারের আলোচিত রানা প্লাজার মালিক আব্দুল খালেক। এ নিয়ে সাভারে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

আজ বৃহস্পতিবার(০৪ জুন) ভোরে নিজের বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান তিনি।

আব্দুল খালেকের মেয়ে রওশনারা বলেন, গত রোববার তার বাবার শ্বাসকষ্ট দেখা দিলে চিকিৎসার জন্য তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। কিন্তু তিনি কোভিড-১৯ রোগী কিনা তা নিশ্চিত না হয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ভর্তি নেয়নি। পরে বাসায় নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তিনি করোনাভাইরাসে সংক্রমিত কিনা জানতে গত সোমবার এনাম মেডিকেলে নমুনা দেওয়া হয়।

আজ সকালে পাওয়া ফলাফলে দেখা যায়, তিনি করোনা পজিটিভ। কিন্তু এর আগেই আজ ভোরে তিনি মারা যান।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়েমুল হুদা বলেন, আব্দুল খালেক কোভিড-১৯ রোগী ছিলেন বলে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড এলাকায় আব্দুল খালেকের মালিকানাধীন রানা প্লাজায় ধসের ঘটনা ঘটে। এতে চাপা পড়ে সহস্রাধিক মানুষ মারা যান। যাদের বেশিরভাগই ছিলেন ওই ভবনের অবস্থিত পোশাক কারখানার শ্রমিক। এ ঘটনায় সেসময় আব্দুল খালেক ও তার ছেলে রানাকে আসামি করে একাধিক মামলা দায়ের করা হয়। এতে রানা কারাবন্দী থাকলেও আব্দুল খালেক জামিনে ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর