রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে অস্থায়ী করোনা ইউনিটে আগুন লেগে ৫ রোগীর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের হয়েছে। বুধবার (৩ জুন) রাতে গুলশান থানায় অগ্নিকান্ডে নিহত একজনের স্বজন এই মামলাটি দায়ের করেছেন।
মামলা দায়েরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ কামরুজ্জামান।
গত ২৭ মে গুলশানের এই অভিজাত হাসপাতালের করোনা ইউনিটে লাগা আগুনে চিকিৎসাধীন ৫ জন নিহত হয়। নিহতরা হলেন- মো. মাহবুব (৫০), মো. মনির হোসেন (৭৫), ভারনন অ্যান্থনি পল (৭৪), খোদেজা বেগম (৭০) ও রিয়াজ উল আলম (৪৫)।
এদিকে গতকাল মঙ্গলবার (২ জুন) ইউনাইটেড হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনা ইউনিটের পাঁচ রোগীর মৃত্যুর ঘটনায় প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট। ইউনাইটেড হাসপাতাল, রাজউক, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশের মহাপরিদর্শককে আগামী ১৪ জুনের মধ্যে এ প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে।
বার্তাবাজার/এসজে