সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভার উপজেলায় করোনা আক্রান্তদের সর্বশেষ যে তথ্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পাওয়া গেছে, সেই অনুযায়ী সর্বমোট ৫১০ জন আক্রান্ত হয়েছেন। বুধবার (৩ জুন) সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সাভার উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডা. মোহাম্মদ সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেন।

বার্তা বাজারকে তিনি জানান, গত সোমবার (১ জুন) পর্যন্ত সাভার উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ২২১৬ জনের। এদের মধ্যে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ৫১০ জন। মোট ১০৬ জন ইতোমধ্যে সুস্থ হয়েছেন এবং আক্রান্তদের ভিতর ৮ জন মৃত্যুবরণ করেছেন। হোম আইসোলেশনে রয়েছেন মোট ২৫০ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন ভর্তি রয়েছেন।

এছাড়া বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবং ১ জন ঢাকায় বসবাস করেন বলেও জানান তিনি।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, ধামরাই উপজেলায় বুধবার (৩ জুন) রাত সাড়ে ৯টা পর্যন্ত মোট নমুনা সংগ্রহ হয়েছে ১২১৫ জনের। এদের ভিতর ১৬৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের ১৯ জন সুস্থ হয়েছেন এবং ৩৩ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন। ইতোমধ্যে ধামরাই উপজেলায় আক্রান্তদের ২ জন মৃত্যুবরণ করেছেন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলায় নতুন ১০ জন আক্রান্ত হয়েছেন। এরা উপজেলার- কালিয়াগার, বালিয়া, পাঠানটোলা, গোডাউন মোড়, উত্তর পাড়া, কুশুরার নবগ্রাম এবং সূতিপাড়ার শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর