চা সিগারেটে দাম চাওয়ায় দোকানে হামলা, মাথা কেটে ফেলার হুমকি

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সাগরদিঘী ইউনিয়নে লক্ষিন্দর গ্রামে চা সিগারেটের বিল চাওয়ায় এক ব্যবসায়ীর দোকানে হামলা ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা। ক্ষতিগ্রস্থ এই ব্যবসায়ী হলেন মোঃ আব্দুল খালেক জলিল মিয়ার ছেলে। এই হামলায় প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ সাগরদিঘী তদন্ত কেন্দ্রে দেওয়া হয়েছে।

গত শনিবার (৩০মে) সকালে এ হামলার ঘটনাটি ঘটে। খবর পেয়ে সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।সন্ত্রাসী কায়দায় দোকান ভাংচুর, মালামাল ও নগদ টাকা লুট হওয়ার ব্যাপারে ভুক্তভোগী আব্দুল খালেক মিয়া গত মঙ্গলবার (২জুন) ২১ জনের নাম উল্লেখ করে ঘাটাইল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ী মোঃ আব্দুল খালেকের দোকানে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে চা সিগারেট খেয়ে বিল না দিয়ে চলে যেতে থাকে। দোকানদার বিল চাইলে সন্ত্রাসীরা মাথা কেটে ফেলার হুমকি দেয়।

পরে দোকানদার পুনরায় টাকা চাইলে সন্ত্রাসীরা দোকানে টাঙানো শেখ হাসিনার ছবি, টিনের বেড়া ও দোকানের মালামাল ভাংচুর করেন। যাবার সময় ক্যাশ থেকে ৩৭ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সন্ত্রাসীরা একই এলাকার আমজাদ আলীর জমি দখল করতে এসে পাশের ওই দোকানে ভাংচুর করে মালামাল লুট করে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লক্ষিন্দ ইউনিয়নের চেয়ারম্যান একাব্বর হোসেন এবং তার ছেলে হারুন মিয়ার নেতৃত্বে রাম দা, দেগার, লোহার রডসহ দেশীয় অস্ত্রসহ ২৫ থেকে ৩০ জন ভাড়া করা সন্ত্রাসী নিয়ে একই এলাকার আমজাদ আলীর জমি দখল করতে যায়।

একটি ভিডিও দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিও ফুটেজে দেখা যায় চেয়ারম্যানের ছেলে হারুন সহ একাধিক ব্যক্তি হাতে রাম দা নিয়ে আমজাদ আলীর জমিতে হামলা চালাতে। এমন দৃশ্য এলাকায় ভীতি ও চাঞ্চল্যের সৃষ্টি করে।

লক্ষিন্দ ইউনিয়নের চেয়ারম্যান একাব্বর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনা কিছুটা সত্য। তবে রামদা ছিল কিনা আমার জানা নেই। সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই জাকির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ রির্পোট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর